দাওয়াতের কথা বলে মা-ভাবির সাড়ে ৮ ভরি স্বর্ণ আত্মসাৎ, নারী গ্রেপ্তার

দিদার মার্কেটের জুয়েলার্স থেকে উদ্ধার ১১ লাখ টাকার গয়না

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

দাওয়াতে যাওয়ার কথা বলে মা ও ভাইয়ের স্ত্রীর কাছ থেকে ৮ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে আত্মসাতের অভিযোগে লাইলাতুল নুসরাত নিপা (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার দিদার মার্কেটের নিচতলায় নোভা জুয়েলার্স থেকে ১১ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, নিপা তার জায়ের মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে মা ও ভাইয়ের স্ত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যান। পরে সেগুলো বিক্রি করে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ১৮ অক্টোবর (রোববার) চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়। ওই দিন দুপুরে নগরীর খুলশী থানার বাঘঘোনা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নিপাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা জানান, স্বর্ণালংকারগুলো তিনি কোতোয়ালী থানার দিদার মার্কেটের নিচতলায় নোভা জুয়েলার্সের ম্যানেজার শুভ মজুমদারের কাছে বিক্রি করেছেন। পরে নিপাকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, দোকানের ম্যানেজার শুভ মজুমদার দাবি করেছেন, নিপা ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে তিনি স্বর্ণালংকারগুলো কিনেছিলেন। পরে ব্যবসায়িক প্রয়োজনে সেগুলো গলিয়ে নতুন অলংকার তৈরি করেন। ম্যানেজারের বক্তব্য ও নিপার শনাক্তের ভিত্তিতে দোকান থেকে ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।

আত্মসাৎ হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রামে আসছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির
পরবর্তী নিবন্ধফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, কিছু শহরে আংশিক কারফিউ জারির নির্দেশ