দল, মতের উর্ধ্বে থেকে বাঁশখালীর উন্নয়নে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গত ১০ মার্চ বাঁশখালীর শীলকূপ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। তিনি বলেন, কে ভোট দিয়েছে বা দেয়নি তা বিবেচনা না করে দল, মতের ঊর্ধ্বে থেকে বাঁশখালীর উন্নয়নে কাজ করে যাবো। ভেদাভেদ করলে আল্লাহর কাছে আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হবে।
শীলকূপ ইউনিয়নবাসীর সাথে আমার নিবিড় যোগাযোগ রয়েছে। শীলকূপবাসী আজ যেসব দাবি উত্থাপন করেছেন তা বাস্তবায়নে আমি শতভাগ চেষ্টা করে যাবো। সরকার আমাদের একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আরও তিন চারশো কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। সেই প্রকল্প অনুমোদন হলে এবং সরকারি বরাদ্দ আসা শুরু হলে বাঁশখালীর উন্নয়ন দৃশ্যমান হবে। সরকারি দল এবং বিরোধী দল মিলে পারষ্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে আমরা জনগণের প্রত্যাশিত দেশ গড়তে চাই। সংসদ সদস্যের কাছে দশ দফা দাবি উপস্থাপন করেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আবদুর রহিম।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হোসাইন আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং ইউনিয়ন নায়েবে আমির আবদুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












