বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা–১৫ সংসদীয় এলাকার উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি– সেই চেষ্টা অব্যাহত থাকবে। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখব সরকার সেই কাজটাই করবে। খবর বাসসের।
তিনি বলেন, এতিমদের আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী নায়েবে আমির আ. রহমান মূসা। ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।












