দগ্ধ আরো একজনের মৃত্যু

হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম শিপন হোসেন। গতকাল শনিবার সন্ধায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস বিস্ফোরণে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিপন হোসেনের শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গত মঙ্গলবার রাতে দগ্ধদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন ও আশুরা আক্তার পাখি মারা যান। একই দিন দুপুরে সামির আহমেদ সুমন মারা যান। তারও আগে চিকিৎসাধীন অবস্থায় শাওন নামের একজন এবং ঢাকায় নেওয়ার পথে নুরজাহান আক্তার রানী নামের অপর একজন মারা যান।

গত ২৩ ফেব্রুয়ারি ভোরে হালিশহর এলাকার এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিলের তৃতীয় তলার একটি বাসায় গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। জানা গেছে, দগ্ধদের মধ্যে সাখাওয়াত হোসেনের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা, সামির আহমেদ সুমনের মেয়ে আয়েশা ও ছেলে ফারহান আহমেদ আনাস এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধইরানে হামলা অবৈধ অসাংবিধানিক : মার্কিন সিনেটর
পরবর্তী নিবন্ধবহুমুখী পরিবহন রোডম্যাপ করছে সরকার