দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:১০ পূর্বাহ্ণ

তিন ব্যক্তির ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেক প্রতারণা মামলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুছাকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন আশরাফ আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন খুলশী থানার এসআই আনোয়ার হোসেন।
গ্রেপ্তার মো. মুছা পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামের মৃত হাজী খায়ের আহম্মদের ছেলে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ হাশেমের বড় ভাই এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করেন। তিনি নগরীর খুলশী থানাধীন হিল সাইড আবাসিক এলাকার রৌশন ইমন টাওয়ারে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার এসআই আনোয়ার হোসেন জানান, তিন ব্যবসায়ীর যথাক্রমে ১৫ লাখ, ১২ লাখ ও ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে দায়েরকৃত পৃথক তিনটি চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মো. মুছা নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আগামীকাল (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টের জন্য সাত স্তরের নিরাপত্তা, থাকবে ৯শ পুলিশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কট অবসানের তাগিদ দিতে সর্বসম্মত প্রস্তাব পাস