থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক  | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

খেলায় সময়ক্ষেপণ কমাতে এবং গতি বাড়াতে নতুন কিছু নিয়ম চালু করতে যাচ্ছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থাআইএফএবি। যার মধ্যে উল্লেখযোগ্য থ্রোইন ও গোল কিকের জন্য পাঁচ সেকেন্ড কাউন্টডাউন আসন্ন বিশ্বকাপে দেখা যেতে পারে। আগামী শনিবার ওয়েলসে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভায় নতুন নিয়মগুলো অনুমোদন পাবে বলে খবর। সেটা হলে, আনুষ্ঠানিকভাবে আগামী ১ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে। তবে আগামী ১১ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যেতে পারে এগুলো। থ্রোইন কিংবা গোল কিকের ক্ষেত্রে, রেফারি যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে, তাহলে বাঁশি বাজিয়ে হাতের ইশারায় পাঁচ সেকেন্ড কাউন্টডাউন শুরু করবেন। ওই পাঁচ সেকেন্ডের বেশি সময় নিলে অন্য দলকে থ্রোইন দেওয়া হবে। আর যে দল গোল কিক নিতে দেরি করবে তাদের প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়ার হবে। গোলকিপারকে দ্রুত বল ছাড়তে বাধ্য করার জন্য চলতি মৌসুমে আট সেকেন্ডের নিয়ম চালু করা হয়। এই নিয়ম সফল হওয়ায় খেলার গতি বাড়ানোর জন্য নতুন সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে আইএফএবি। খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও সময় বেঁধে দেওয়ার নিয়ম চালু করতে যাচ্ছে আইএফএবি। বদলি খেলোয়াড় নামানোর জন্য ১০ সেকেন্ড দেওয়া হবে। কোনো দল যদি এই সময়সীমা অতিক্রম করে, তাহলে সেই নির্দিষ্ট খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে না এবং অন্তত এক মিনিটের জন্য একজন খেলোয়াড় কম নিয়ে তাদের খেলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি
পরবর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২ মার্চ শুরু