এএফসি উইমেন’স অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপে ‘এ’ গ্রুপের পথচলা বাংলাদেশ শুরু করবে আগামী বুধবার প্রতিযোগিতার আয়োজক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দল উঠবে কোয়ার্টার–ফাইনালে। ‘এ’ গ্রুপের অপর দুই দল ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন ও সবশেষ তিন আসরে গ্রুপ পর্বে খেলা ভিয়েতনাম। এ মুহূর্তে বাংলাদেশের ভাবনায় অবশ্য ২০০৪ সালের আসরে চতুর্থ হওয়া থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং ক্যাম্পে রোববারের অনুশীলনের ফাঁকে বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় সুরভি আকন্দ প্রীতি জানান, প্রথম ম্যাচ ঘিরেই আপাতত তাদের সব পরিকল্পনা।
‘প্রস্তুতি ম্যাচে জর্ডানের সাথে খেলেছি। ওই ম্যাচে আমাদের যে ভুলত্রুটিগুলো হয়েছে, ওগুলা মাঠে অনুশীলন করে ওটা শোধরানোর চেষ্টা করছি। এখানকার মাঠের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। দলের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। সবাই প্রস্তুত। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেকটা ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের থাইল্যান্ডের সাথে প্রথম ম্যাচ, তো (কোচ) আমাদের ভিডিও ক্লাস করাবে নিশ্চয়ই। সে অনুযায়ী বলবে মাঠে খেলতে এবং আমরাও সেভাবেই খেলব। দলের সবাই সুস্থ আছে। কিছু কিছু জায়গায় একটু চোট সমস্যা আছে, তো সেটা সেরে যাবে ইনশাআল্লাহ।’












