থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের আরেকটি রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেটে আরেকটি রোমাঞ্চকর জয় অর্জন করেছে বাংলাদেশ। গতকাল সোমবার ফারজানার শেষ দিকের ক্যামিওতে থাইল্যান্ড জাতীয় দলকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচেও শেষ ওভারের ফয়সালায় শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছিল বাংলাদেশ ‘এ।’ ব্যাংককের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে থাইল্যান্ড ২০ ওভারে সংগ্রহ করে ১০৩ রান। জবাবে বাংলাদেশ ‘এ’ দল লক্ষ্যে পৌঁছায় ১ বল বাকি রেখে। তারা ৭ উইকেটে তুলে নেয় ১০৪ রান। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে, তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে। গতকাল জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। নারী ক্রিকেটে কাজটা বেশ কঠিনই বটে। বাংলাদেশের বাস্তবতায় তো ভীষণরকমই কঠিন। সেই কাজটিই দারুণভাবে করে দেন ফারজানা ইয়াসমিন। টানা দুই বলে চার ও ছক্কা মেরে দেন ফানিতা মায়ার বলে। পরের বলেই অবশ্য আউট হয়ে গেলেন তিনি। তবে আসল কাজ তো করেই ফেলেছেন ততক্ষণে। টস জিতে ব্যাটিংয়ে নামা থাইল্যান্ড পারেনি বড় কোনো জুটি গড়তে। দলের সেরা তারকা নাত্থাকান চান্থাম ২৪ রান করতে বল খেলেন ৩৪টি। তিনে নেমে নানাপাত কোঞ্চারুইনকাই ৩৮ বল খেলে রান করেন ৩৪। বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে ১৬ ওভার শেষে থাইল্যান্ডের রান ছিল ৬৮। পরে ওনিচা কামচম্ফুর ১০ বলে ১৭ ও ফানিতা মায়ার ৮ বলে ১২ রানে কানোরকমে ১০০ ছাড়ায় তারা। শেষ ৪ ওভার থেকে রান আসে ৩৫। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন ১৬ রান দিয়ে ও অফ স্পিনার শরিফা খাতুন ১৪ রান দিয়ে দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া তৃষ্ণা, মেঘলা এবং জান্নাতুল প্রত্যেকেই ১টি করে উইকেট নেন।

রান তাড়ায় ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ শামিমা সুলতানা ও লতা মন্ডল যোগ করেন ৪৫ রান। ২৯ বলে ২৬ রান করে আউট হন শামীমা। ফাহিমা ফেরেন ১৬ বলে ১২ রান করে। সপ্তম ব্যাটার হিসেবে ক্রিজে গিয়ে দুটি বাউন্ডারি মারেন ফারজানা। তার পরও বিপাকে ছিল বাংলাদেশ। এক প্রান্ত আগলে রাখা লতা ৪০ বলে ৩০ রান করে আউট হয়ে যান শেষের আগের ওভারে। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নেন শরিফা। এরপরই ফারজানার ওই চার ও ছক্কা। পরের বলেই তিনি আউট হয়ে যান। ফারজানা করেন ২৩ রান। নতুন ব্যাটার জান্নাতুল ফেরদৌস সুমনা ক্রিজে গিয়ে প্রথম বলেই রান নিয়ে দলকে জিতিয়ে দেন। শরিফা ২ এবং জান্নাতুল ১ রান করে অপরাজিত থাকেন। ইশমা ৫, শারমিন ১ এবং রুবাইয়া ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। থাইল্যান্ডের হয়ে থিপাচা ২৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। ফানিতা ২১ রান দিয়ে পান ২টি উইকেট। ম্যাচসেরা হয়ে ফারজানা বললেন, বল হাতে খরুচে থাকলেও সতীর্থদের সমর্থনে তিনি উজ্জীবিত ছিলেন ব্যাটিংয়ে। ‘প্রথম ইনিংসে আমরা বোলিং পেয়েছি, তখন আমার বোলিং খারাপ হয়েছে। তখন আমার অধিনায়ক, সতীর্থ যারা ছিলেন, অনেক সাপোর্ট করেছেন যে, আমার একটা পার্টই নয়, তিনটা পার্ট আছে, ফিল্ডিং আছেন, ব্যাটিং আছে এখনও। উনাদের সাপোর্টে ব্যাটিং ভালো হয়েছে আমার।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ’এ’ বুধবার খেলবে মালেয়েশিয়ার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি ক্রিকেটে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধভালোবাসি বলতে চাই