বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল সোমবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা দল ২৪৪ রানের বিশাল ব্যবধানে বান্দরবান জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে। জবাবে বান্দরবান গুড়িয়ে যায় মাত্র ৫৬ রানে। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যায় চট্টগ্রাম জেলা। উদ্বোধনী জুটি ৪১ রান তুলে বিচ্ছিন্ন হয়। কফিলউদ্দিন ১৯ রান করে আউট হয়ে গেলেও সাদিকুর রহমান ৫৬ বল খেলে ৪৩ রান করেন। ৩টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংস। তালহা জুবায়ের ২৬ বলে ১৫ রান করে বিদায় হলে মিডল অর্ডারে এস এম তৌসিফ এবং অধিনায়ক সাব্বির হোসেনের জুটি ২০০ রান পার দেয়। তৌসিফ ৮৪ বলে ১০৪ রান করেন। ৭টি চার এবং ৬টি ছক্কায় সাজানো ছিল তার সেঞ্চুরি সমৃদ্ধ ইনিংস। অধিনায়ক সাব্বির ৭৭ বলে ৬৭ রান করেন ৬টি চার এবং ২টি ছক্কায়। সাজেদুল আলম ১৭ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। বান্দরবান জেলার পক্ষে রানার দাশ ৩টি এবং মোস্তাফিজুর ২টি উইকেট লাভ করেন।
চট্টগ্রাম জেলার ৩০১ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে বান্দরবান জেলা যেন খেই হারিয়ে ফেলে। চট্টগ্রাম জেলা দলের বোলাররা নাস্তানাবুদ করে দেয় বান্দরবানের ব্যাটিং লাইন। বিশেষ করে হাবিবুন নবী সোহেল এবং সাজেদুল আলম রিফাতের বোলিং তোপে বান্দরবান মাত্র ৫৬ রানে গুটিয়ে যায়। সোহেল ২১ রানে ৫ উইকেট তুলে নেন। সাজেদুল আলম রিফাত ১৩ রানে ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন শহিদুল ইসলাম এবং মো. রুবেল। বান্দরবান জেলার পক্ষে ইফতেখার আলম ১৬ এবং আকিবুল ইসলাম ১২ রান করেন। বাকিদের কেউই দু’অংকের ঘরে যেতে পারেননি। আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী মুন্সীগঞ্জ জেলা দলের বিপক্ষে।
এদিকে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চট্টগ্রাম ভেন্যুতে খাগড়াছড়ি জয় পেয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় খাগড়াছড়ি জেলা দল ৪৫ রানে লক্ষ্মীপুর জেলা দলকে পরাজিত করে। টসে জিতে খাগড়াছড়ি প্রথমে ব্যাট করতে নামে। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সাফায়েত ইফতি শতক হাঁকান। ৮৫ বলে ১১৯ রান তুলতে ১৫টি চার এবং ৪টি ছক্কা মারেন তিনি। অন্যদের মধ্যে আল মোমিন ৪০, সাফায়েত হোসেন ৩৮,অহি মজুমদার অপরাজিত ৩২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। লক্ষ্মীপুরের নাহিদ হাসান ৩টি,তামজিদ আহমেদ ইমন ও শাকিল হোসেন ২টি করে উইকেট নেন। জবাবে লক্ষ্মীপুর ৫০ ওভার খেলে ৯ উইডকেট হারিয়ে ২৩০ রান করতে সমর্থ হয়। দলের সাকিব আনজুম সর্বোচ্চ ৬৪ রান করেন ৬৮ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে। এছাড়া নোমান চৌধুরী ৫০,মম রেজা ৩৮, আহমেদ শরীফ ২৬ এবং তানজিদ ইমন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। খাগড়াছড়ির পক্ষে ২টি করে উইকেট নেন মোহন চাকমা এবং অহি মজুমদার।












