তোমার হাতখানি রাখো মা

সত্যজিৎ দাশ কাঞ্চন | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:০০ পূর্বাহ্ণ

আমার মাথায় তোমার হাতখানি রাখো মা

ওই হাতের পরশে

এক দুর্বার উদ্দীপনা জেগে ওঠে শরীরে

সেই অনির্বাণ উদ্দীপক চেতনায়

জয় করতে চাই

অন্ধকার পরাকাষ্ঠার গহীন আতঙ্ক।

সমাজের পঙ্কিলতা আকন্ঠ পান করে

কুম্ভকর্ণের নিদ্রায় আমি প্রণোদিত হতে পারিনা

দুর্বার স্ফুলিঙ্গ হয়ে সব ছিন্ন ভিন্ন করে দিতে চাই

শুধু তোমার হাতখানি রাখো আমার মাথায়।

আমার জন্মে তোমার প্রসব বেদনা অনুভব করিনি আমি

আমার লালনে তোমার অনুরাগ মমতা দেখেছি

তোমার উদ্বিগ্নতা দেখেছি আমার বেড়ে ওঠার পদে পদে

আজো তোমার বিষণ্নতা দেখি আমার বিপর্যয়ে

তবুও আমি হারবো না মা

তুমি শুধু আমার মাথায় হাত রাখো

বিজয়ী আমি হবোইদুর্জনের কূটচাল ছিঁড়ে ।

পূর্ববর্তী নিবন্ধএ কেমন ভালোবাসা!
পরবর্তী নিবন্ধশূন্যতার অধিক