তেলের পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে ছুরিকাঘাত, আহত ৩

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা শহরের বাঁশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম জানান। ঘটনার পর ফিলিং স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময় তেল সরবরাহ বন্ধ রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। খবর বিডিনিউজের।

আহতদের মধ্যে কাওসার আলী (২৫) ও জাহিদ হাসানকে (২৩) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং সিহাব মিয়াকে (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আটক রেজওয়ান (২৭) উপজেলা শহরের মহেশপুর এলাকার আজহার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, পলাশবাড়ী ফিলিং স্টেশনে দুই পাশে মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পেট্রোল নিচ্ছিলেন। দুপুরে লাইনে দাঁড়ানোর সময় দুটি মোটরসাইকেলের মধ্যে ঘষা লাগে। একে কেন্দ্র করে প্রথমে রেজওয়ানের সঙ্গে কয়েকজন চালকের কথা কাটাকাটি হয়; পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রেজওয়ান একটি ধারালো ছুরি দিয়ে ওই যুবকদের এলোপাতাড়ি আঘাত করেন। পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, ঘটনার পর পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাময়িক বন্ধ রাখার পর জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রাতের আঁধারে তিনটি গরু চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধহামে দেশে আরও ৭ মৃত্যু