তেলের দাম উঠল ১১৫ ডলারে, এশিয়ার শেয়ারবাজারে পতন

যুদ্ধ

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বেড়ে যাওয়ায় সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে, দরপতন হয়েছে শেয়ারবাজারে। খবর বিডিনিউজের।

অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলারের উপরে উঠেছে। এসময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে। দর বৃদ্ধির চলমান প্রবণতা ব্রেন্টকে ইতিহাসে সর্বোচ্চ মাসিক বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। এশিয়ার শেয়ারবাজারে লেনদেন চলছে পতনের ধারায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ কমেছে এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি নেমেছে ৪ শতাংশ।

বিবিসি লিখেছে, সপ্তাহর শেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়ে চলমান সংঘাতে যোগ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বাড়ি ও বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের তেলের দখল নিতে পারেন, প্রধান জ্বালানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান।ওই দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয়, তাদের কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি। ট্রাম্প এই সম্ভাব্য পদক্ষেপকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করছেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর অনির্দিষ্টকালের জন্য দেশটির তেলশিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র।

আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার সপ্তাহান্তে সতর্ক করে বলেছেন, তার দেশের বাহিনী আমেরিকান সৈন্যদের জন্য অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া জাহাজে হামলার হুমকি দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজার ব্যাপক অস্থির হয়ে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধআরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের নাবিল ফাহমি
পরবর্তী নিবন্ধইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য : কিয়ার স্টারমার