তিন দিনে ভেসে এলো ৪ মরদেহ

সেন্টমার্টিন-টেকনাফ উপকূল

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে একটি অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে। গতকাল শুক্রবার সকালে দ্বীপের দক্ষিণপাড়া সৈকত থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে উপকূলীয় এলাকায় গত তিন দিনে চারটি অজ্ঞাত মৃতদেহ ভেসে এসেছে। তবে এসব মৃতদেহ পঁচে বিকৃত হয়ে গেছে। কোনটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, আবার কোনটির হাতপা বিচ্ছিন্ন। পুলিশ ও স্থানীয়দের ধারণা ১০১২ দিন আগে সাগরে তাদের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার টেকনাফের সাবরাং মুন্ডারডেইল এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ ভেসে আসে। বৃহস্পতিবার শাহপরীরদ্বীপে হাতপা বিচ্ছিন্ন একটি লাশ এবং উখিয়ার ইনানী সৈকতে মাথাবিহীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গতকাল সকালে সেন্টমাটিনের দক্ষিণপাড়া এলাকায় ভেসে আসে অর্ধগলিত একটি মরদেহ। সকালে জোয়ারের সময় মরদেহটি ভেসে আসে। তবে পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, উদ্ধার করা লাশগুলো সবই একেবারে পচে গলে বিকৃত হয়ে গেছে। সাগরে অন্তত ১০১২ দিন আগে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। অন্তত ১৫ দিন আগে মিয়ানমার থেকে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে শোনা যাচ্ছে। সাগরে কোনো দুর্ঘটনায় এদের মৃত্যু হতে পারে। মিয়ানমার থেকে যে ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেটি যদি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গিয়ে থাকে, তাহলে আরও বেশ কিছু লাশ ভেসে আসতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেট কারে গরু চুরি, হাটহাজারীতে আটক ২
পরবর্তী নিবন্ধঅবৈধ হাটে চোরাচালানের গরু