তিনমাস ধরে বন্ধ ক্যাবল কার হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা

শেখ রাসেল এভিয়ারি পার্ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারি পার্কের ক্যাবল কার গত তিনমাস ধরে বন্ধ রয়েছে। জনবল না থাকায় এটি চালানো যাচ্ছে না বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। কবে নাগাদ চালু হবে তাও জানা যায়নি। এ অবস্থায় দূরদুরান্তের পর্যটকরা পার্কে এসে হতাশ হয়ে ফিরছেন।

বৃহস্পতিবার বিকেলের দিকে গিয়ে দেখা যায়, পার্কে অনেক পর্যটক। নানা রকমের প্রাণিপাখি আর নজরকাড়া প্রকৃতি দেখেই ফিরে যাচ্ছেন। প্রত্যেকেই ক্যাবল কার বন্ধ পাওয়ায় হতাশা প্রকাশ করছেন। যারা এখানে এসেছেন তারা আগে থেকে ক্যাবল কার বন্ধের কথা জানতেন না। কেউ কেউ কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে এই পার্কে ঢু মারছেন। তবে যারা এসেছেন তারা পার্কের বিভিন্ন স্পটে সুবিশাল খাঁচায় দেশিবিদেশি বিভিন্ন প্রজাতের পাখি, সবুজ বাগান, পাহাড়ের বাঁকে বাঁকে বসার তোরণ ও মিনি চিড়িয়াখানা দেখে খানিকটা বেড়ানোর স্বাদ নিচ্ছেন। সীতাকুণ্ড থেকে বেড়াতে আসা মিলন দে ও তার স্ত্রী প্রভা দে জানান, ছুটিতে পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছি। ইচ্ছা ছিল ক্যাবল কারে চড়ার। কিন্তু এসে জানলাম তা বন্ধ রয়েছে।

রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি থেকে পরিবার নিয়ে এসেছেন প্রবাসী আজগর হোসেন। তিনি বলেন, ক্যাবল কারে চড়ে পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পার্কে এসেছি। কিন্তু টিকিট কেটে দেখি ক্যাবল কার বন্ধ। আগে জানলে পার্কে ঢুকতাম না।

এই ব্যাপারে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘প্রকল্প শেষ হওয়ার কারণে ক্যাবল কার চালানোর লোকজন এখন আর নেই। জনবল না থাকায় ক্যাবল কার আপাতত বন্ধ রয়েছে। শীতের শুরু থেকে পর্যটকরা পার্কে এসে নানা প্রজাতির পাাখি ও প্রাণি দেখে আনন্দ উপভোগ করছেন। আমরা ক্যাবল কার চালু করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি অচিরেই ক্যাবল কার চালু করতে পারব।

তিনি আরও বলেন, পার্কটিতে ক্যাবল কার ছাড়াও আকর্ষণীয় আরও অনেক কিছু রয়েছে। আশা করি পর্যটকরা এখানে এসে তাদের মনের চাহিদা পূরণ করতে পারবেন।

উল্লেখ্য, ২০১১ সালের নভেম্বর মাসে বিনোদনপ্রেমীদের জন্য রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের কোদালা বিটের সংরক্ষিত বনাঞ্চলে দুইশ দশ হেক্টর এলাকাজুড়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পরিচালনায় শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্ক উদ্বোধন করা হয়। পার্কের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের প্রথম রোপওয়ে ক্যাবল কার যা ২.৪ কিলোমিটার দীর্ঘ। উঁচুনিচু পাহাড়ের মাঝপথ দিয়ে বয়ে গেছে এ ক্যাবল কার। তবে পার্কের প্রধান আকর্ষণ ক্যাবল কার প্রায়শই বিভিন্ন কারণে বন্ধ থাকে। পর্যটকরা এটি বন্ধের কথা শুনে হতাশ হয়ে ফিরেন।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে পরিযায়ী শকুন অবমুক্ত
পরবর্তী নিবন্ধজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু