ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন দেশ তাদের অভিনন্দন বার্তায়–বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষা ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্র : বাংলাদেশের জনগণ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল শুক্রবার এক বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছে যুক্তরাষ্ট্র।’
যুক্তরাজ্য : সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেইসবুকে এক শুভেচ্ছা বার্তায় তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস। ওই বার্তায় বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এবং নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি।
এঙ হ্যান্ডেলে এক পোস্টে মোদি জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।
বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই।
তিনি আরও লেখেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।
মমতা ব্যানার্জীর অভিনন্দন : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ সময়ে তিনি তাকে ‘আমার তারেক ভাই’ বলে সম্বোধন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ–এ দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। মমতা ব্যানার্জী তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এঙে গতকাল দুপুর ১ টায় এক বার্তায় বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’ তার শুভেচ্ছা বার্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
চীনের অভিনন্দন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে। গতকাল শুক্রবার এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’ চীনা দূতাবাস আরও বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।’
পাকিস্তান : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
সকাল ১০টার দিকে এক এঙ পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান শেহবাজ শরীফ।
এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি।
নেপালের অভিনন্দন : নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। সুশীলা কারকি লিখেছেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি লিখেছেন, আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। এতে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।












