ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতৃবৃন্দ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জাতিসংঘ ও কমনওয়েলথ মহাসচিব, ইউরোপীয় ইউনিয়নসহ কূটনৈতিক মিশনগুলো নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ের পর জার্মানি, ফ্রান্স, মালদ্বীপ, মালয়েশিয়া, ভুটান প্রভৃতি দেশের সরকার প্রধানের তরফে এ অভিনন্দন বার্তা আসে। এর আগে গত শুক্রবার ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপালসহ বিভিন্ন দেশ বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান।
জাতিসংঘ : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গতকাল শনিবার জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে।
এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে জানান, মহাসচিব জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখতে, মানবাধিকারের পূর্ণ উপভোগ নিশ্চিতে ও সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব রাজনৈতিক স্টেকহোল্ডারদের উৎসাহিত করেন। তিনি আরো জানান, এটি কোনো নির্বাচনের পরে সরকারের কাছ থেকে যা আশা করি তা নয়, জনগণ সরকারের কাছ থেকে এটাই প্রত্যাশা করে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমনওয়েলথ : জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।
কমনওয়েলথ মহাসচিব বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে আমি প্রশংসা করি এবং বাংলাদেশ ও এর গণতন্ত্রকে সমর্থন করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার পুনর্নিশ্চিত করছি।
ইউরোপীয় ইউনিয়ন : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিস ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের প্রধান অফিস থেকে পাঠানো এক বিবৃতি তুলে ধরে এই অভিনন্দন জানায়।
ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে।
নির্বাচন উপলক্ষে ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সাথে পরিচালিত হয়েছে। যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিশনের চূড়ান্ত প্রতিবেদন এই বছরের শেষের দিকে প্রকাশিত হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও জনসমর্থন প্রকাশ পেয়েছে। এর ফলে সাংবিধানিক, বিচারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য অংশীদারদের একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছে ইইউ। সাংবিধানিক ও আইনগত এসব সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে বলেও আশা করছে ইইউ।
ইইউ বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক আরও জোরদার করার জন্য কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলিকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে বলেও ইইউ’র বিবৃতিতে জানানো হয়েছে।
জার্মানি : নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জার্মানি। একই সঙ্গে তারা বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে।
ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই। নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেছে জার্মান সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই। নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার ও জাতীয় সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে জার্মানি।
ফ্রান্স : ঢাকার ফ্রান্স দূতাবাসের অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত সফল ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ফ্রান্স দূতাবাস বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছে। আমরা সব নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এর সব স্বেচ্ছাসেবকদের তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বিকাশের জন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার জন্য উন্মুখ।
মালয়েশিয়া : জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ঢাকা–কুয়ালালামপুর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
আনোয়ার ইব্রাহিম এক বার্তায় বলেন, নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন সময় পার করে ব্যালট বঙের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ হয়ে আছে। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
মালদ্বীপ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এক অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, আমি নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।
মুইজ্জু আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আগামী বছরগুলোতে আমাদের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার ও বিকশিত হবে।
ভুটান : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার বার্তায় বলেন, এই বিশাল জয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। ভুটান ও বাংলাদেশের উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আমি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।
বিশ্বনেতাদের এই অভিনন্দন বার্তাগুলো বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আন্তর্জাতিক আগ্রহ ও শক্তিশালী কূটনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে।












