‘তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান’ শীর্ষক তাজকিয়ার সেমিনার

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রামাদানে যুবসমাজকে আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’র উদ্যোগে “তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক মাহাদী গালিব। তিনি তার সারগর্ভ আলোচনায় উল্লেখ করেন, পবিত্র মাহে রামাদান কেবল ইবাদতের মাস নয়, বরং এটি আত্মসমালোচনা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক উৎকর্ষ সাধনের এক অনন্য সুযোগ। তিনি তরুণদের উদ্দেশে বলেন, আধুনিক যুগের নানা বিভ্রান্তি, ইন্টারনেট নির্ভর জীবন ব্যবস্থা এবং ব্যস্ততার মধ্যেও রামাদানের চেতনাকে ধারণ করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়াই প্রকৃত সফলতা। আলোচনায় তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজ যদি রামাদানের শিক্ষা, সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধি যদি নিজেদের জীবনে বাস্তবভাবে ধারণ করতে পারে, তবে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুলকলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রমিজ আলীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন শাহানশাহ্‌ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের সচিব এ.ওয়াই. এমডি. জাফর, তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নূর অন্তু, তাজকিয়ার সাবেক কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও শাখা প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখা পর্যায়ের শুভাকাঙ্‌ক্ষীবৃন্দ, বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মিলাদকিয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবি
পরবর্তী নিবন্ধনিরাপদ ও সম্প্রীতির হাটহাজারী গড়তে সকলের সহযোগিতা চাই