তারকাদের ভোটের কথা

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর চিত্র দেখা গেছে। সাধারণ জনগণের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী থেকে সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।

রাজধানী ঢাকা থেকে শুরু করে নওগাঁ, বগুড়া, যশোর নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন তারা। ভোটের মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তারকারা জানিয়েছেন নিজের অনুভূতি। তাদের মধ্যে কেউ জীবনের প্রথম ভোট দিয়েছেন, কেউ দীর্ঘ যাত্রায় ভোটকেন্দ্রে পৌঁছেছেন, কেউ আবার সরল বার্তায় জনগণকে ভোট দিতে উৎসাহিত করছেন।

ঢাকা৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন অভিনেতা আবুল হায়াত। ভোট দিয়ে বর্ষীয়ান এই অভিনেতা বলেছেন, এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর। অভিনেতা নীরব আহমেদ ভোট দিয়েছেন ঢাকা১৫ আসনে। ভোট দিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, ঢাকা১৫ থেকেই শুরু হোক বিজয়। খবর বিডিনিউজের।

যশোরের আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। কেন্দ্রে যাওয়ার আগে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে মাহি বলেছেন, জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি। আমি খুব উচ্ছ্বসিত। ভোটের ছবি পোস্ট করে কেয়া পায়েল লিখেছেন, ভোটটা দিয়েই দিলাম।

ভোট দিতে যাওয়ার আগে একটি ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, যাই ভোট দিয়ে আসি। বসুন্ধরা থেকে ধানমন্ডি যাচ্ছি ভোট দিতে। আপনিও যা দেশের জন্যে ভালো, জনগণের জন্যে ভালো, কারো কথায় না, নিজের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে আসুন। নিজের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করুন।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ভোট দিয়ে লিখেছেন, ভোট শুধু আপনার অধিকার না, দায়িত্বও। অভিনেতা ওমর সানী ভোট দিয়েছেন ঢাকা১৭ আসনের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। ঢাকা১১ আসনের বাড্ডার মহানগর কলেজে ভোট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। ভোট দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ভোট প্রদান আপনার আমার নাগরিক অধিকার, আমরা ভোট দিয়েছি। স্বতঃস্ফূর্ত উৎসাহে আপনিও আপনার ভোট প্রদান করুন।

তরুণ গায়িকা পারশা মাহজাবিন বগুড়া জেলা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে দীর্ঘ ১৬ ঘণ্টার যানজট অতিক্রম করে বগুড়া পৌঁছান বলে ফেসবুকে জানিয়েছেন তিনি। মাহজাবিন লিখেছেন, এটি শুধু একটি ভোট প্রদান নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালনের সূচনা। আমি প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় গিয়েছি শুধু আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। পরিচালক সুমন খন্দকার ভোট দিয়ে লিখেছেন, ভাবছেন, আমার একটা মাত্র ভোট। না দিলে কী আসে যায়। আসে যায়। আপনি ভোট না দিলে আপনার ভোট আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। প্লিজ ভোট দিন। অভিনেত্রী আইশা খান সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তিনি ঢাকার ভোটার। অভিনেতা মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবিটি পোস্ট করেছেন। লিখেছেন, ভোটাধিকার প্রয়োগ করলাম।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা তিনু করিম মারা গেছেন
পরবর্তী নিবন্ধকানাডায় নির্বিচার গুলির ঘটনায় সন্দেহভাজন এক নারী শনাক্ত