ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাই ক্রিকেটার নাফিস ইকবাল। কাজির দেউরীর কাজী বাড়ি হচ্ছে তামিম ইকবালের জন্মস্থান।
ভোট দেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তামিম ইকবাল। তিনি বলেন, জীবনের প্রথম ভোট দিচ্ছি। খুবই এঙাইটেড। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তামিম ইকবাল জানান, তার পরিবারের সবাই ভোট দিতে গেছেন। সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন। ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা আবার তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।
তামিম ইকবাল যে কেন্দ্রে ভোট দিয়েছেন, এটি চট্টগ্রাম–৯ আসনভুক্ত। নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে এ আসন গঠন করা হয়েছে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। ভোট দিতে এসে সাংবাদিকদের নিজের অভিজ্ঞতার কথা বলেন তামিম ইকবাল।
চট্টগ্রাম–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ২ লাখ ২ হাজার ৪৪৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
এ আসনের ১২১টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তামিম ইকবালের ভোট দেওয়া কেন্দ্রে ভোটার রয়েছেন ৫ হাজার ৭৩৬ জন। এতে শুধু পুরুষেরাই ভোট দেবেন।












