তথ্য ঘাটতি ও তথ্য বিভ্রাটের কারণে অধিকাংশ অভিবাসীকর্মী সমস্যার শিকার হন। তাদের চ্যালেঞ্জগুলো নির্ধারণ করে এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। যৌথভাবে কাজ করলে অভিবাসন প্রক্রিয়া আরো স্বচ্ছ, কার্যকর ও ঝুঁকিমুক্ত হবে।
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি–বেসরকারি অংশীজনদের সমন্বয়ে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ে সমন্বয় সভা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ, বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়া, চট্টগ্রাম মহিলা টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজীম, ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট দিল আফরোজ। প্রত্যাশী সিমস্ প্রকল্পের ব্যবস্থাপক বশির আহম্মদ মনির (সূফি মনি) সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশীর সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ সেলিম। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী শ্রমিকদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিতে স্পষ্ট বিধান রয়েছে। শ্রম অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি অথবা প্রবাসী পরিবার প্রতারণার শিকার হলে লিগ্যাল এইড অফিসে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে অবশ্যই বিদেশগামী কর্মীদের ন্যায্য ও স্বচ্ছ চুক্তিপত্র প্রদান নিশ্চিত করতে হবে, যাতে শ্রমিকেরা প্রতারণা, অতিরিক্ত ব্যয় ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে।
অন্যদের মধ্যে চট্টগ্রামে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক, আইনজীবী, রিক্রুটিং এজেন্সি, গণমাধ্যমকর্মী, মাইগ্রেশন ফোরাম, জিএমসি এবং অভিবাসীকর্মীর প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












