ঢাবির কলা ভবনে পতাকা উত্তোলন করা হয়

আজাদী ডেস্ক | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

১৯৭১ সালের এদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার পর সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে ২ মার্চ বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণের বটতলায়। বেলা ১১টার দিকে বক্তব্য দেন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব। এ সময় ছাত্রলীগের নেতা শেখ জাহিদ হোসেন বাঁশের মাথায় পতাকা বেঁধে মঞ্চে এলেন। রব ছাড়াও সমাবেশে বক্তব্য দেন ডাকসুর জিএস আব্দুল কুদ্দুস মাখন ও শাহজাহান সিরাজ। ছাত্র সমাবেশের নেতৃত্বে ছিলেন নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজসহ ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। সেখান থেকে স্বাধীনতার ইশতেহার পাঠের কথা উঠেছিল।

এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের মুক্তির বীজ বপন হয়েছিল। ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বলেছিলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। সমাবেশ শেষে তৎকালীন জিন্নাহ অ্যাভিনিউ তথা বায়তুল মোকাররম পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। সেদিন দুপুরে ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। রাতে পাকিস্তান রেডিওতে ঢাকায় কারফিউ জারির ঘোষণা এসেছিল। কিন্তু কারফিউ ভঙ্গ করে ছাত্রশ্রমিকজনতা শহরের অনেক জায়গায় ‘কারফিউ মানি না’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’সহ নানা স্লোগানে বিক্ষোভ করেছিল। ছাত্রযুবকজনতা কারফিউ ভেঙে গভর্নর হাউজের দিকে যেতে শুরু করলে ডিআইটি মোড় ও মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে মিছিলে গুলি চালায় সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে নিষ্ঠুর হত্যাকাণ্ড : পুতিন
পরবর্তী নিবন্ধকোথাও শোক, কোথাও আনন্দ