ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। শপথের আগের দিন গতকাল সোমবার তিনি চিঠি দিয়ে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া৬ আসন ছেড়ে দিয়েছেন, এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে। খবর বিডিনিউজের।

গেল বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন হয়েছে। এবারের নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান দুই আসনে ভোট করে দুটোতেই জিতেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সে কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হল। নির্বাচনের ত্রিশ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে।

১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একজন কয়টি আসনে ভোট করবেন, তার উল্লেখ ছিল না; পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয়। ১৯৮৬ সালে প্রথমবারের মত একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৮২০০৯ সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয়।

শেরপুর৩ ও উপনির্বাচনের সিদ্ধান্ত ‘শিগগিরই’ : ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বাতিল হয়েছিল আগেই। ওই আসনে নতুন করে তফসিল দেবে ইসি। তাছাড়া বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসনে উপ নির্বাচন করতে হবে। সেজন্যও আলাদা তফসিল দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ আপিলে স্থগিত