ঢাকা-চট্টগ্রাম মহসড়কে দামি গাড়ি চুরি করে তারা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১:০১ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এক বিশেষ অভিযানে সীতাকুণ্ডে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি প্রাইভেটকার, মোটরসাইকেল ও ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল মোঃ নুরুল আলম (২৬), মোঃ আফতাব উদ্দিন গালিব (২৪), মোহাম্মদ নবী (প্রকাশ) তানভীর (৩২) ও মো. আরিফ হোসেন (৪৮)।

গতকাল সোমবার বিকেলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলামের তত্ত্বাবধানে একটি পুলিশ ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় একটি চোর চক্রের মূল হোতাসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২টি বিলাসবহুল প্রাইভেটকার, ১টি পিকআপ ভ্যান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৯ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চোর চক্র অবস্থান করছে। সেই তথ্যে বাইপাস মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন তারা। পরে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সুজাউদ্দৌলার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান।

এসময় চট্টগ্রামমুখী একটি পিকআপভ্যান দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। এরপর ওই পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে আন্তঃ জেলা চোর চক্র হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি ও কেনাবেচার সাথে জড়িত রয়েছে।

এই চক্রের পলাতক আসামি মহিন উদ্দিন প্রকাশ হারুন (৪৫), লিটন সেন (৪২) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২