ঢাকায় শহীদ মিনারে কুপিয়ে ও গুলি করে কলেজছাত্রকে হত্যা

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। নিহত রাকিব আহমেদ (২৫) বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট বানাতেন। রাকিবের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই মিঠু ফকির বলেন, রাতে শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। সেখানে তিনচারজন এলোপাথারি ছুরিকাঘাতের পাশাপাশি মাথায় গুলি করলে রাকিবের মৃত্যু হয়। নিহতের বন্ধু আলআমিনের ভাষ্য, ছুরিকাঘাত ও গুলি করার পর হামলাকারীরা পালিয়ে যায়। খবর বিডিনিউজের।

রাকিবের গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মী। বর্তমানে নিমতলী নাজিম উদ্দিন রোডে পরিবারের সাথে থাকতেন রাকিব।

পূর্ববর্তী নিবন্ধহারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবালের বিরুদ্ধে আদালতে মামলা
পরবর্তী নিবন্ধবিশ্বে প্রথম বাণিজ্যিক ব্রেইন চিপ ব্যবহারের অনুমোদন চীনের