ঢাকায় শমিত সোম, প্রস্তুত সুলিভানরাও

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

আসন্ন ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ (সৌদি আরব) ২০২৭ এর বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এর আগে ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শমিত লিখেছিলেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়ে সম্মানিত। জাতীয় দলে যোগ দিতে ও নিজের সর্বস্বটা দিতে মুখিয়ে আছি।’ তাঁর এই অপেক্ষার পালা শেষ হলো ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে।

এদিকে, অনূর্ধ্ব২০ সাফে খেলতে ইতিমধ্যেই সব প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটিয়ে দেশে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। দেশে পৌঁছানোর পর তারা সরাসরি উঠেছেন গুলশানের টিম হোটেলে, যেখানে থাকার কথা জাতীয় দলেরও। রাইটব্যাক পজিশনে খেলা ডেক্লান লালসবুজ জার্সি পরার সুযোগকে বড় সম্মান হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, লালসবুজ জার্সি পরতে পেরে আমি কতটা সম্মানিত। আমি জানি এর জন্য দীর্ঘ সময় লেগেছে এবং ভক্তরা অপেক্ষায় ছিলেন। দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের, আর যখন আমি মাঠে নামব, আমি লড়াই করব।’ তাঁর যমজ ভাই এবং সেন্টারফরোয়ার্ড রোনান জানান, বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া মোটেও কঠিন ছিল না। তিনি বলেন, ‘এটি মোটেও কঠিন সিদ্ধান্ত ছিল না। ভক্তরাই সিদ্ধান্তটি সহজ করে দিয়েছেন। আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন জেতার মাধ্যমে সেই সমর্থনের প্রতিদান দিতে হবে।’

শমিত ও সুলিভান ভাইদের পাশাপাশি দলে যোগ দিতে দেশে এসেছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। প্রবাসী এই ফুটবলারদের উপস্থিতিতে জাতীয় দল ও বয়সভিত্তিক দলের ক্যাম্প এখন বেশ চাঙ্গা।

পূর্ববর্তী নিবন্ধচীনকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদন নাকচ ফিফার