জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন। গতকাল বুধবার সকালে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। সংস্কারকাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার উদ্বোধন করতে তিনি ঢাকায় আসেন। এ সংস্কারকাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করেছে তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্প। সেই প্রকল্পের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সঙ্গে ঢাকায় এসেছেন ওজিল। মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারকাজের উদ্বোধনীতে তাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনও উপস্থিত ছিলেন। ডাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন গণমাধ্যমকে জানান, টীকা এই প্রকল্পে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর কক্সবাজারে রোহিঙ্গা শিবিরেও যাওয়ার কথা রয়েছে সাবেক এই মিডফিল্ডার ওজিল ও তার সফরসঙ্গীদের। আসন্ন রমজান উপলক্ষে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা স্বচক্ষে দেখা এবং তাদের সঙ্গে সময় কাটানোই তার সফরের মূল উদ্দেশ্য। আজ ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিনে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন। ক্যাম্পে অবস্থানকালে তারা শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত ওজিল। অতীতে বিভিন্ন ইস্যুতে মানবিক অবস্থান নিয়ে আলোচনায় এসেছেন তিনি। বাংলাদেশ সফরের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের বাসিন্দাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন সাবেক এই ফুটবলার। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক ফুটবলার ওজিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ী জার্মানি দলের সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় দলকে বিদায় বলে দেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওজিল খেলেছেন ৬৪৫ ম্যাচ। ১১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২২টি। ওজিল ক্লাব ক্যারিয়ার শুরু করেন জার্মানিতে শালকের হয়ে। সেখান থেকে যোগ দেন ভার্ডার ব্রেমেনে। দলটির হয়ে পারফরম্যান্সেই তিনি ডাক পান ২০১০ বিশ্বকাপের জার্মানি দলে। জার্মানরা সেবার খেলেছিল সেমি–ফাইনালে। বিশ্বকাপের এক মাস পরই ওজিল যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে তিন বছরে তিনি জেতেন একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। লা লিগায় ১০৫ ম্যাচ খেলে গোল করেন ১৯টি। ঢাকা ও কক্সবাজার সফর শেষে আগামী কয়েক দিনের মধ্যেই নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।










