ডিসি হিলে নয়, বর্ষবরণ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:১১ পূর্বাহ্ণ

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম দীর্ঘ ৪৭ বছর ধরে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে আসছে। তবে এবার নানা প্রতিবন্ধকতার কারণে ডিসি হিলে সেই আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এবারের বর্ষবরণ আয়োজন করা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। এ উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভার আলোচনায় অংশ নেন পরিষদের সদস্যবৃন্দ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে। বাংলা ১৪৩৩ সালকে বরণ করে নিতে পহেলা বৈশাখ ভোর ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। বর্ষবরণের এই আয়োজন চলবে সেদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত। চট্টগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের সম্মিলিত প্রয়াস এই আয়োজন।

গতকাল বৃহস্পতিবার প্রস্তুতি সভায় পরিষদের সমন্বয়ক সুচরিত দাশ খোকন বলেন, চট্টগ্রামের সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের উদ্যোগে ১৯৭৮ সালে প্রথম সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৪ সাল পর্যন্ত আমরা একইস্থানে পহেলা বৈশাখ উদযাপন করেছি। এবারও নানা প্রতিবন্ধকতার কারণে ডিসি হিলে আয়োজন সম্ভব হচ্ছে না। তবে আমাদের বর্ষবরণের আয়োজন অব্যাহত থাকবে। তাই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।

পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটো বলেন, প্রতি বছর ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজন করে থাকলেও এবার সেটা সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চট্টগ্রামের সকল আন্দোলন সংগ্রামের স্মৃতি স্মারক। শহীদ মিনার আমাদের চেতনার ভরকেন্দ্র। প্রস্তুতি সভায় অংশ নেন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সুশান্ত মিত্র, গোলাম বাকি মাসুদ, অলোক ঘোষ পিন্টু, মিলি চৌধুরী, কমল দাশ, কঙ্কন দাশ, মাহবুবুল ইসলাম রাজীব, আবদুল হাদি, অরুণ চক্রবর্তী, প্রণব চৌধুরী, বিশ্বজিৎ পাল, এটিএম সাইফুর রহমান, নাজমা নিপা, সঞ্চিতা দত্ত বেবী, অলিউর রহমান, ফজল আমিন শাওন, মিশফাক রাসেল, শহীদুল করিম চৌধুরী মিন্টু, কে এম রাজীব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডোবায় শাবকের মৃতদেহ, পাশে তিনদিন দাঁড়িয়ে হাতি দম্পতি
পরবর্তী নিবন্ধকালুরঘাট ফেরিঘাটে ব্রেক ফেল, ট্রাক নিয়ে নদীতে চালক