ডিসি হিলে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক বহিরাঙ্গন অনুষ্ঠান

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও অর্থবহ করার লক্ষ্যে বাংলাদেশ বেতার সারা দেশে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি করতে স্টুডিও’র বাইরে দর্শকশ্রোতাদের উপস্থিতিতে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করছে। এরই অংশ হিসেবে, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর ডি.সি হিল চত্ত্বরে ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট বিষয়ক এক বহিরাঙ্গন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

তিনি বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর নিরলস কাজ করছে। গণভোটের মাধ্যমে যুগ পরিবর্তনের একটি সুযোগ সবার সামনে এসেছে। বাংলাদেশে ঐতিহাসিক কোনো পরিবর্তন আনতে চাইলে সেই সিদ্ধান্ত জনগণ গণভোটের মাধ্যমে দিতে পারে। তাই সকলের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আই.জি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, বাংলাদেশে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিবেশ বিরাজমান আছে। বিবেচনাপ্রসূত রায় দিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ বেতার সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, জনস্বার্থকেন্দ্রিক এবং আইন ও নৈতিকতার আলোকে পরিচালিত। নির্বাচন ও গণভোটের সময় বাংলাদেশ বেতার কোনো পক্ষের নয় বরং বেতার জনগণের এবং গণতন্ত্রের।

স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বেতারের পরিচালক মো. মাহফুজুল হক। প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বেতারের শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভাড়া বাসায় মিলল যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে লিও ইয়্যুথ ক্যাম্প