রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল রাঙ্গামাটি জেলার মারি স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কাপ্তাই উপজেলা টাইব্রেকারে ৩–০ গোলে নানিয়ারচর উপজেলাকে পরাজিত করে। কাপ্তাই উপজেলার পক্ষে টাইব্রেকারে গোল করেন যথাক্রমে শুভ ঘোষ, স্বপন দাস এবং মো. নাঈম। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্নেল মো. একরামুল রাহাত, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান। আগামী ১ এপ্রিল মারি স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা বাঘাইছড়ি উপজেলার বিরুদ্ধে দ্বিতীয় খেলায় অংশ নেবে। উল্লেখ্য ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা অংশ নেয়।











