ঈদের পরই রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটি জেলার মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ডিসি গোল্ডকাপ খেলার জন্য কাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে গতকাল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় বাছাই তালিকায় নাম নিবন্ধনের জন্য কর্ণফুলী স্টেডিয়ামে সমবেত হন। সকলের উপস্থিতিতে ২৬ জন খেলোয়াড়কে ডিসি গোল্ডকাপে অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন উপস্থিত ছিলেন। ডিসি গোল্ডকাপ পরিচালনার জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার উপদেষ্টা ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেনকে উপদেষ্টা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক হলেন মো. আনিসুর রহমান। সদস্য হলেন মাহবুব হাসান বাবু, কল্যাণ বিকাশ তঞ্চঙ্গা, মো. জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সফু, মো. আসলাম খান, ইব্রাহিম হাবিব মিলু, মোশারফ হোসেন, ওসমান গনি তনু ও সালাউদ্দিন রুবেল। মো. দিলদার হোসেনকে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টিম ম্যানেজার নির্বাচিত করা হয়। এছাড়া আসলাম খানকে কোচ ও মাহবুব হাসান বাবু এবং মো. জামাল উদ্দিনকে সহকারী কোচ হিসেবে নির্বাচিত করা হয়।












