ডিলারের ২৪ লক্ষাধিক টাকা নিয়ে বিকাশ কর্মী লাপাত্তা, গ্রেপ্তারের পর মা জেলে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একটি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের প্রায় ২৪ লাখ ৪০ হাজার টাকা নিয়ে মো. শাহজাহান (২৪) নামে এক বিক্রয় প্রতিনিধি (ডিএসও) লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মার্চ মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা পর শাহজাহানের মা জেসমিন আক্তারকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালত তাকে জেলহাজতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ সালাউদ্দীন মাহমুদ (৪০) রাঙ্গুনিয়ার ‘আটলান্টিক ডিস্ট্রিবিউশন রাঙ্গুনিয়া’ নামক বিকাশ ডিলার অফিসের অ্যাকাউন্টস ইনচার্জ হিসেবে কর্মরত। অভিযুক্ত মো. শাহজাহান ওই প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি আনোয়ারার ১নং বৈরাগ ইউনিয়নের শাহ্‌খাঁন বাড়ির মৃত মো. নূরের ছেলে।

২৬ মার্চ সকালে শাহজাহান অফিস থেকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে বিভিন্ন এজেন্ট পয়েন্টে বিলি করতে বের হন। পরবর্তীতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তিনি বিভিন্ন এজেন্টের কাছ থেকে বিকাশ ওয়ালেটের (ই২ই ঞৎধহংভবৎ) মাধ্যমে আরও ২২ লক্ষ টাকা সংগ্রহ করেন। সব মিলিয়ে মোট ২৪ লক্ষ ৪০ হাজার টাকা তার কাছে জমা হয়।

নিয়ম অনুযায়ী দিনের কাজ শেষে অফিস চলাকালীন টাকা জমা দেওয়ার কথা থাকলেও শাহজাহান আর অফিসে ফিরে আসেননি। রাত ৯টা পার হয়ে গেলেও তিনি না আসায় তার দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোনগুলো বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহানের মা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে তেল ও আলুসহ আটক ১০
পরবর্তী নিবন্ধপাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণে