ডিবি পরিচয়ে বন্দরের ৫ শ্রমিক কর্মচারীকে তুলে নেয়ার অভিযোগ

পুলিশ বলল, ৫ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে জড়িত থাকা ৫ জন শ্রমিককর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের তুলে নেওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। বন্দর থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে বলেছে, তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সংগ্রাম পরিষদের দুজন প্রবীণ নেতাসহ মোট ৬ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করছেন। শক্তি প্রয়োগ হলে আরো কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে সতর্ক করে দিয়ে এই শ্রমিক নেতা বলেন, আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যাবে না।

তিনি জানান, ডিবি পরিচয়ে শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, মো. রিপন সরকার, আসাদুল ইসলাম ও মো. শামসু মিয়াকে তুলে নিয়ে গেছে। এদের মধ্যে আসাদুল ইসলাম ও রিপন সরকারকে তাদের কর্মস্থল ১২ নম্বর শেড থেকে এবং আনোয়ার হোসেনকে এন শেড থেকে আটক করা হয়। অন্য দুজন আবুল কালাম আজাদ ও শামসু মিয়াকে পোর্ট কলোনি এলাকা হতে আটক করা হয়।

শ্রমিক নেতারা ৬ জনকে তুলে নিয়ে যাওয়ার দাবি করলেও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম ৫ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। ৫৪ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিককর্মচারীদের সংগঠন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আন্দোলন করছে। গত ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া কর্মবিরতি বৃহস্পতিবার বিকালে সাময়িকভাবে স্থগিত করা হলেও গতকাল সকাল থেকে পুনরায় শুরু হয়। অবশ্য গত রাতে কর্মবিরতি স্থগিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজ ও ব্যাংক লুটেরাদের ভোট দেবেন না : অলি
পরবর্তী নিবন্ধভোটের দিন সবাইকে সজাগ থাকতে হবে : খসরু