খাদ্যপণ্যে ভেজাল, অনুমোদনহীন পণ্য বিক্রি, ক্ষতিকর উপাদান ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সাত প্রতিষ্ঠানকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল সোমবার এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল দুপুরে খাতুনগঞ্জ এলাকায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রি করায় মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রং মেশানো মুগ ডাল বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কেকের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে খাবার প্রস্তুতের অভিযোগে রহমান হোটেলকে ৮ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এআরএলটি হাউসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডাল ও মসলা জাতীয় পণ্যে রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছেন এবং অতিরিক্ত মূল্য নিচ্ছেন। জনস্বার্থে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শুধু রমজানকে সামনে রেখে নয়, সারা বছর এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হবে।










