ডায়াবেটিস রোগে অপচিকিৎসা নয়, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের

বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি-সেমিনার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ঝুঁকি এবং জটিলতা জানুন, উপযুক্ত সাড়া দিন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পালিত হয়েছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস২০২৩’। গতকাল দুপুরে দিবসটি উপলক্ষে চমেক হাসপতালের শাহ আলম বীর উত্তম মিলানায়তনে বৈজ্ঞানিক সেমিনার এবং সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। চমেক হাসপাতাল এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফারহানা আকতার এবং চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার। চমেক মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাবরিনা শারমীন ও চমেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. প্রসেনজিৎ ঘোষের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ মল্লিক।

সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিস আজীবনের রোগ। এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো সুযোগ নেই। তবে বর্তমানে ডায়াবেটিস রোগের চিকিৎসার নামে অনেক অপচিকিৎসা চলছে। এখানে কিটো ডায়েট তত্ত্ব সামনে এনে বলা হচ্ছেওষুধ না খেয়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক চটকদার বিজ্ঞাপনও হচ্ছে। দুঃখজনক বিষয় হচ্ছে এ তালিকায় স্বীকৃত মেডিকেল থেকে এমবিবিএস পাশ করা ডাক্তারও কিটো ডায়েট তত্ত্ব নিয়ে ‘ফেসবুকইউটিউবে ভিউ’ ব্যবসা করছেন। সাধারণ মানুষ তাদের সেই তত্ত্ব গ্রহণ করছে। এছাড়া ডায়াবেটিসের রোগের চিকিৎসায় অনেকে মনে করেন একবার ইনসুলিন দিলে সারা জীবন দিতে হবে। আসলে ইনসুলিন দেয়ার পরে অবস্থার উন্নতি হলে কখনো কখনো আবার মুখের ওষুধে ফিরিয়ে আনা যায়। সাধারণ মানুষকে এসব বিভ্রান্তি থেকে সরে আসতে হবে। কোনো ধরনের অপপ্রচারে প্রলুব্ধ হয়ে অপচিকিৎসা নেয়া যাবে না। এছাড়া সেমিনারে অপচিকিৎসাকারীদের এসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ, মেডিসিন সোসাইটি এবং বিএমএ’র শীর্ষ পর্যায় থেকে প্রতিরোধ করার দাবি জানানো হয়।

এদিকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল সকালে আয়োজিত র‌্যালি, রোগী ও সুধী সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এডভোকেট চন্দন কুমার তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আবিদা মোস্তফা, শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এসএম জাফর, নির্বাহী সদস্য প্রিন্সিপাল লায়ন মো. সানাউল্লাহ, সৈয়দ মোরশেদ হোসেন, মো. শহীদুল আলম, মো. আলী চৌধুরী, অধ্যাপক মো. মাসুম চৌধুরী, হাসপাতালের পরিচালক (ইনচার্জ) ডা. নওশাদ আজগার চৌধুরী, অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি এসএম শওকত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ লায়ন্স ক্লাবের সেমিনার ও গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধউন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই