কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে বাড়তে থাকা ডাকাতি ও অপহরণের প্রতিবাদে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে স্থানীয় তরুণরা। জনসচেতনতা সৃষ্টি ও নিরাপত্তা জোরদারের দাবিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “ফান রান ২০২৬”।
ঈদগাঁও রানার্স কমিউনিটির উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) সকাল ৭টায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, শিক্ষক এবং সচেতন যুবসমাজ।
আয়োজকদের মতে, কক্সবাজারের ঝুঁকিপূর্ণ সড়কগুলোর মধ্যে ঈদগাঁও–ঈদগড় সড়ক অন্যতম। দীর্ঘদিন ধরে এ সড়কে ডাকাতি ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে যাতায়াত করছেন। এমন বাস্তবতায় প্রতিবাদ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন।
প্রতিযোগিরা ঈদগাঁও বাসস্টেশন থেকে যাত্রা শুরু করে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পানির ছড়া এলাকায় গিয়ে দৌড় শেষ করেন। উল্লেখযোগ্য যে, ওই এলাকাটি অতীতে একাধিক অপরাধ সংঘটিত হওয়ার জন্য পরিচিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সমাজসেবক হামিদুল হক। বক্তারা তাদের বক্তব্যে সড়কটিতে নিরাপত্তা জোরদার, ডাকাতি ও অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা মেডেল প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকেও সম্মাননা গ্রহণ করেন অতিথিরা।
আয়োজকরা জানান, এটি তাদের প্রথম উদ্যোগ হলেও ভবিষ্যতে ঈদগাঁও উপজেলার অন্যান্য সড়কেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।













