নগরীর ডবলমুরিংয়ে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ডবলমুরিংয়ের আসকারাবাদ মেমগলিতে এ ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে পুলিশ মোগলটুলি এলাকা থেকে নিহতের স্বামী রমজান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রমজান আলী পেশায় সিএনজি অটোরিকশা চালক। নিহতের বাবার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিম্বুলা গ্রামে। পাঁচ মাস আগে এ দম্পতি আসকারাবাদ এলাকায় জনৈক আজাদের ভাড়া ঘরে বসবাস শুরু করেন।
তাদের ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
ঘটনার পর পিবিআই’র (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে যান রমজান। স্বামী বাসা ত্যাগের কিছুক্ষণ পরে হঠাৎ সেই ঘরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এরপর স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাদের বাসার দরজা ঠেলে বাসার ভেতরে গিয়ে আমেনাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলায় ওড়না পেচানো। ফ্যানের সঙ্গে ঝুলছিল রশি।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর কারণ নির্ণয় করতে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।












