বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় ও উপজেলা আমীর সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে গতকাল রবিবার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার সন্দ্বীপের মানুষ পরষ্পরের আত্মীয় উল্লেখ করে নবনির্বাচিত এমপির নিকট দাবি জানান, সন্দ্বীপের রাজনৈতিক ও সামাজিক সহঅবস্থান যেন বজায় রাখা হয়। প্রধান অতিথি বক্তব্যে মোস্তফা কামাল পাশা এমপি বলেন, সন্দ্বীপে মাদকের সমস্যা অত্যন্ত প্রকট। আমরা এটা নির্মূলে প্রয়োজনে ডগস্কোয়াডের সহায়তা নিবো। সন্দ্বীপে শিক্ষা স্বাস্থ্য খাতে এখনো অনেক কাজ বাকী রয়েছেও বলে উল্লেখ করেন তিনি।












