ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম দিনে অর্ধেকের বেশি টিকিট অবিক্রিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল প্রথমদিনে যাত্রীদের তেমন সাড়া পাওয়া যায়নি। ১৬টি ট্রেনের ৮ হাজার টিকিটের মধ্যে অর্ধেকের মতো টিকিট বিক্রি হয়েছে বলে খবর নিয়ে জানা গেছে। প্রতিবারের মতো এবারও ঈদযাত্রার অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে গতকাল দুপুর থেকে। গতকাল প্রথমদিন যাত্রীদের মাঝে বিক্রি করা হয় ১৩ মার্চের টিকিট। আজ যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ১৪ মার্চের টিকিট।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, প্রথম দিন ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রীদের তেমন চাহিদা ছিল না। স্বাভাবিক দিনের মতোই ছিল। যাত্রীদের চাহিদা বাড়বে ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিটের। এই তিনদিনের টিকিটের প্রচুর চাপ থাকবে। একজন যাত্রী একটি এনআইডি দিয়ে ৪টি টিকিট নিতে পারবেন। এবার ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের মাঝে আগামী ৯ মার্চ পর্যন্ত ৭দিন ঈদের অগ্রিম টিকিট দেয়া হবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

রেলওয়ের কর্মকর্তারা জানান, যাত্রীদের সুবিধার জন্য এবং অনলাইনে সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই অঞ্চলের (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল) টিকিট দুই সময়ে (সকালে ও বিকালে) বিক্রি করা হচ্ছে। পূর্বাঞ্চলের অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে দুপুর ২টায়। আজ ৪ মার্চ যাত্রীদের কাছে দেয়া হবে ১৪ মার্চের টিকিট। ৫ মার্চ যাত্রীদের কাছে বিক্রি করা হবে ১৫ মার্চের টিকিট। ৬ মার্চ বিক্রি করা হবে ১৬ মার্চের টিকিট। ৭ মার্চ বিক্রি করা হবে ১৭ মার্চের টিকিট। ৮ মার্চ বিক্রি করা হবে ১৮ মার্চের টিকিট। ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের টিকিট।

এছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে রেলওয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে। এবার পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধহার মানলেন দগ্ধ গ্যারেজ মালিক, মৃত্যু বেড়ে ২
পরবর্তী নিবন্ধচকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কর্মচারী গুরুতর আহত