ট্রেনের অগ্রিম টিকিটের ঈদযাত্রা (বাড়ি ফেরা) শুরু হচ্ছে আজ থেকে। এদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। আজ পাওয়া যাবে ২৩ মার্চের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল গত ৩ মার্চ থেকে। এবারও ৭ দিনব্যাপী ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এর ধারাবাহিকতায় অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে গত ৯ মার্চ। গত ৩ মার্চ যাত্রীদের মাঝে বিক্রি করা হয়েছিল ১৩ মার্চের অগ্রিম টিকিট। সর্বশেষ গত ৯ মার্চ যাত্রীদের কাছে বিক্রি করা হয়েছিল ঈদযাত্রার ১৯ মার্চের অগ্রিম টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুসারে ২৩ মার্চের টিকিট বিক্রি হবে আজ ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হবে ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হবে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট বিক্রি হবে ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন–এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের মাঝে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। ৯ মার্চ শেষ হয়েছে। ৩ মার্চ যাত্রীদের মাঝে ১৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। ১৩ মার্চ অগ্রিম টিকিটের যাত্রীরা যাবেন।












