ট্রেনের ৮ হাজার টিকিটের জন্য ওয়েবসাইটে আধ ঘণ্টায় ৫০ লাখ ‘হিট’

ঈদযাত্রার অগ্রিম টিকিটের শেষ দিন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষদিন গতকাল পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের ৮ হাজারের বেশি টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ২টায় পূর্বাঞ্চলের ঈদযাত্রীর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলে ৩০ মিনিটের মধ্যেই প্রায় সব টিকিটই শেষ হয়ে যায়। টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির সাথে সংযুক্ত রেলসেবা অ্যাপস ও সহজ ডটকমের প্ল্যাটফর্মের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুপুর ২টায় ঈদযাত্রার শেষদিনের অগ্রিম টিকিট ওপেন হওয়ার সাথে সাথেই যাত্রীদের বিপুল চাপ লক্ষ্য করা গেছে। অনলাইন মাধ্যমে রেলওয়ের ওয়েবসাইটে, রেলসেবা অ্যাপসে ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি করা হয়েছে। দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইটে প্রায় ৫০ লাখের বেশি হিট রেকর্ড করা হয়। এই সময়ের মধ্যে বিশেষ করে চট্টগ্রামসিলেট, চট্টগ্রামচাঁদপুর, চট্টগ্রামঢাকারাজশাহী, চট্টগ্রামঢাকা রুটের ট্রেনের কোনো আসন অবশিষ্ট ছিল না। অন্যান্য দিনের চেয়ে গত ৮ মার্চ ও গতকাল ৯ মার্চ যাত্রীদের মাঝে টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। গতকাল ৭ম দিনে যাত্রীদের মাঝে ১৯ মার্চের টিকিট দেয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে গত ৩ মার্চ থেকে। এবার ৭ দিনব্যাপী ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার শেষদিনে বিক্রি হলো ১৯ মার্চের টিকিট।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, অন্যান্য দিনের তুলনায় ১৯ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে যাত্রীদের মাঝে ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিটের চাহিদা বেশি ছিল।

এবারের ঈদযাত্রায় পূর্বাঞ্চলে ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহনে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত হবে। পাহাড়তলী কারখানায় বাড়তি বগি মেরামত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বেশির ভাগ মার্কেট ও শপিং মলে আলোকসজ্জা
পরবর্তী নিবন্ধকুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ