পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। প্রতিবারের মতো এবারও অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। এবার ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হবে। আজ প্রথমদিন যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ১৩ মার্চের টিকিট।
যাত্রীদের মাঝে আজ ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ৭দিন ঈদের অগ্রিম টিকিট দেয়া হবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী। রেলওয়ের কর্মকর্তারা জানান, যাত্রীদের সুবিধার জন্য এবং অনলাইনে সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই অঞ্চলের (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল) টিকিট দুই সময়ে (সকালে ও বিকারে) বিক্রি করা হবে। পূর্বাঞ্চলের অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এ ব্যাপারে চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ৩ মার্চ (আজ) মঙ্গলবার থেকে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। দুপুর ২টা থেকে যাত্রীরা অনলাইনে টিকিট কাটতে পারবেন। একজন যাত্রী একটি এনআইডি দিয়ে ৪টি টিকিট কাটতে পারবেন। এবার ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হবে। রেলওয়ে সূত্র জানায়, আজ প্রথম দিন ৩ মার্চ যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ১৩ মার্চের ট্রেনের টিকিট। আগামীকাল ৪ মার্চ যাত্রীদের কাছে দেয়া হবে ১৪ মার্চের টিকিট। ৫ মার্চ যাত্রীদের কাছে বিক্রি করা হবে ১৫ মার্চের টিকিট। ৬ মার্চ বিক্রি করা হবে ১৬ মার্চের টিকিট। ৭ মার্চ বিক্রি করা হবে ১৭ মার্চের টিকিট। ৮ মার্চ বিক্রি করা হবে ১৮ মার্চের টিকিট। ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের টিকিট। এছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে। এবার পবিত্র রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। দেশের অন্যান্য রুটের মতো এবারও চট্টগ্রাম–চাঁদপুর রুটে ঈদ স্পেশাল (১ ও ২) চলবে।
পূর্বাঞ্চল: এই অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরতযাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।












