ট্রাক থেকে পড়ছে মাটি, বৃষ্টিতে সড়কে কাদার প্রলেপ

রাঙ্গুনিয়ার সোনারগাঁও-রাণীরহাট সড়কে দুর্ভোগ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও রাস্তার মাথা থেকে রাণীরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। দীর্ঘদিনের সংস্কারহীনতা এবং তার ওপর মাটি ব্যবসায়ীদের বেপরোয়া দৌরাত্ম্যে সড়কটি এখন স্থানীয়দের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। শুধু এই সড়কটিই নয়, দক্ষিণ রাজানগর, রাজানগর, ইসলামপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ একাধিক সড়কেও একই অবস্থা দেখা গেছে। চট্টগ্রামরাঙামাটি মহাসড়কের ইসলামপুর মগাইছড়ি এলাকাতেও সড়কের এই অবস্থা।

সরেজমিনে সোনারগাঁওরাণীরহাট সড়কে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতে সড়কের উপরিভাগে জমে থাকা মাটি গলে ঘন কাদায় পরিণত হয়েছে। বিশেষ করে ডাম্প ট্রাক ও ট্রাক্টরে করে পাহাড় বা ফসলি জমির মাটি পরিবহনের সময় সড়কে যে মাটি পড়ে, তা বৃষ্টির পানির সংস্পর্শে এসে কাদায় পরিণত হয়। ফলে সাধারণ পথচারী তো বটেই, রিকশা, সিএনজিচালিত টেক্সি ও মোটরসাইকেল চালকরাও প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে এ সড়ক দিয়ে পরিবহন করছে। ট্রাক থেকে পড়া মাটি সড়কের পিচ ঢেকে ফেলেছে। শুষ্ক মৌসুমে এই মাটি ধুলোবালির সৃষ্টি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেললেও, সামান্য বৃষ্টিতে তা কাদা হয়ে যায়।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার এবং ফিটনেসবিহীন ডাম্প ট্রাক চলাচল বন্ধ এবং মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের দাবি, নিয়মিত তদারকি নিশ্চিত করে মাটি ব্যবসায়ীদের জরিমানাসহ শাস্তির আওতায় না আনলে এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় তরমুজ চাষে ফিরছে কৃষকরা
পরবর্তী নিবন্ধগির্জায় সুরের মিলন