কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের কথা বলে মিয়ানমারের জঙ্গলে ৫০ দিন জিম্মি করে রাখা এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এই অপহরণ ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত জুবায়েরকে (১৭) উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জুবায়ের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল ইসলাম (৫০), ছিদ্দিক আহমদ (৫৪), আব্দুল্লাহ (২৫) ও হামিদ উল্লাহ (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। প্রায় দুই মাস আগে জুবায়েরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে সমুদ্রপথে নিয়ে যাওয়া হয়। তবে তাকে মালয়েশিয়া না পাঠিয়ে মিয়ানমারের গহীন জঙ্গলে আটকে রাখা হয়। বয়স কম হওয়ায় পাচারকারীরা তাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে এনে নুরুল ইসলামের বাড়িতে আটকে রাখে এবং পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, জুবায়েরকে ছাড়িয়ে নিতে তারা পাচারকারীদের বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু এরপরও আরও টাকার জন্য চাপ দেওয়া হলে পরিবারটি পুলিশের শরণাপন্ন হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে জুবায়েরকে উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।












