টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও এক মাদক পাচারকারী আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪ টায় টেকনাফ থানার জিরো পয়েন্ট সিবিচ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খবর বাসসের।

এছাড়া একইদিন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টায় টেকনাফ থানার জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

পূর্ববর্তী নিবন্ধঅ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরি, ফাইনালে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৪ এপ্রিল