টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ দল। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানার বাহারছড়া এলাকার নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‌্যাবের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় থাকা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।

পূর্ববর্তী নিবন্ধলাইটারেজ জাহাজে ডিজেল সংকট
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুর্ঘটনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি, স্ত্রী আহত