কক্সবাজারের টেকনাফে এক বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকা থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে হাতিটি লোকালয়ে এসেছিল। বিদ্যুতের তারে জড়িতে হাতিটির মৃত্যু হতে পারে। এটি পুরুষ হাতি। আনুমানিক বয়স ২৫/৩০ বছর। তার দাঁত অনেক মূল্যবান।
স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ ইলিয়াস বলেন, হাতির গায়ে একটি ক্ষতের চিহ্ন আছে। তবে সেটি কি বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন না অন্য কিছু তা বলতে পারছি না।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক দিয়ে হাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, হাতিটির মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।












