কক্সবাজারের টেকনাফে ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম (৫৮) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার পারিবারিক বিরোধের জেরে ছেলে আবুল কাসেম তাকে ছুরিকাঘাত করেন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম এলাকায় ‘লেডু মিস্ত্রি’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে তার ছেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো ছুরি দিয়ে বাবার বুক ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। পারিবারিক কলহের সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









