টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা।

জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই মিডিয়া কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আবদুল্লাহ ও শাকিরুল ইসলাম
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় সিমেন্ট বোঝাই ট্রলার জব্দ