জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৩ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় কঙবাজারের টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তাহেরের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গত রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান চার্জ গঠনের মাধ্যমে তার বিরুদ্ধে বিচার শুরুর এ আদেশ দেন। এর আগে আবু তাহেরের আইনজীবী মামলা থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
দুদক পিপি মো. এনামুল ইসলাম দৈনিক আজাদীকে গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আবু তাহেরের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি বিচারের জন্য গত ১১ মার্চ কঙবাজার আদালত থেকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে আসে। এরই ধারাবাহিকতায় গত ২ এপ্রিল আবু তাহেরের বিরুদ্ধে চার্জ গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
আদালত সূত্র জানায়, মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ২০২৩ সালের ২৫ জুলাই আবু তাহেরের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, কঙবাজারের তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন নিজ কার্যালয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ে দেখা যায়, আবু তাহের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি সম্পদ বিবরণীতে তিনি ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তদন্ত শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক সুবেল আহমেদ গত বছরের ২৯ জুন আবু তাহেরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। টেকনাফ থানা, কঙবাজার সদর থানা ও মতিঝিল থানায় আবু তাহেরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে উক্ত চার্জশিটে বলা হয়।














