সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব এবং এ ক্ষেত্রে টেলিভিশন ভিডিও জার্নালিস্টদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
শনিবার টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং নগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। সম্মেলনে টিসিজেএ’র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ–সভাপতি মোহাম্মদ আলী আকবর, দীপংকর দাশ বাবু, মোহাম্মদ আলমগীর, সাইমুন আল মুরাদ এবং মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মো. কামরুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, মোঃ পারভেজ রহমান এবং মোঃ নুর হাসিব ইফরাজ ও রবিউল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












